নোয়াখালী-৫
খালেদা জিয়ার স্মরণে ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার নারীদের
- আপডেট সময় ০৮:৫৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২৫৫ বার পড়া হয়েছে
বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভালোবেসে তার স্মরণে ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার করছেন নোয়াখালী-৫ আসনের নারীরা। এ কারণে বিভিন্ন উঠান বৈঠকে নারীদের উপস্থিতি লক্ষনীয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কোম্পানীগঞ্জের চরফকিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জয়নাল আবদিন সর্দার বাড়িতে এক উঠান বৈঠকে সহস্ত্রাধিক নারী হাত তুলে খালেদা জিয়ার মার্কায় ভোট দেওয়ার অঙ্গীকার করতে দেখা যায়।
ফাতেমা বেগম (৪৮) নামে এক নারী বলেন, আমাদের এলাকার বেশিরভাগ নারী খালেদা জিয়ার ভক্ত। ২০০১ ও ২০০৮ সালে আমরা ব্যারিস্টার মওদুদ আহমদকে ভোট দিয়েছি। এবার খালেদা জিয়া নাই, তার সম্মানে তারেক রহমানের প্রার্থী ফখরুল ইসলামকে ধানের শীষে ভোট দেবো।
অনুষ্ঠানে চরফকিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবদুল খালেক ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের আংশিক) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. ফখরুল ইসলাম।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের জন্য ব্যাপক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে বছরে একজন নারী পাবেন ৩০ হাজার টাকা। এছাড়া খাসজমি বন্দোবস্তসহ সকল কাজে নারীদের অগ্রাধিকার থাকবে সবার আগে।
সভায় উপজেলা বিএনপির সদস্য শিহাব উদ্দিন রিপনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কল্যাণ পার্টির চেয়ারম্যান সামছুদ্দিন পারভেজ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, উপজেলা বিএনপি নেতা আহছান উল্লাহ মানিক, চরফকিরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান, বসুরহাট পৌর বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
নোয়াখালী-৫ আসনে মোট ভোটার ৫ লাখ তিন হাজার ৮৫১ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৬১ হাজার ৬৩৬ জন ও মহিলা দুই লাখ ৪২ হাজার ২১৫ জন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১৫৫টি। মোট ভোট কক্ষ ৯৮৫টি। প্রবাসী অধ্যুষিত হওয়ায় এ অঞ্চলে ভোটের কেন্দ্রগুলোতে নারীদের উপস্থিতি থাকে বেশি।














